এস,এ, রশিদ, বিশেষ প্রতিনিধি :
ঢাকা জেলা বিএনপির সিনিয়র সহ-সভাপতি, সাভার পৌর বিএনপির সভাপতি ও সাবেক কাউন্সিলর খন্দকার শাহ মঈনুল হোসেন বিল্টু ইন্তেকাল করেছেন (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)। মঙ্গলবার (২১ এপ্রিল) বিকেল সাড়ে ৩টার দিকে তিনি মারা যান। মৃত্যুকালে তিনি দীর্ঘদিন ধরে লিভার সিরোসিসে ভুগছিলেন।
পরিবার ও দলীয় সূত্রে জানা গেছে, তিনি সাভারের এনাম মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন ছিলেন।
এর আগে উন্নত চিকিৎসার জন্য গত ১৩ ফেব্রুয়ারি তিনি ভারতের হায়দারাবাদে যান এবং সেখানে এআইজি হাসপাতালে চিকিৎসা নেন।
চলতি মাসের দ্বিতীয় সপ্তাহে দেশে ফেরার পর তার শারীরিক অবস্থার অবনতি হলে রাজধানীর এভারকেয়ার হাসপাতালে ভর্তি করা হয়। পরে অবস্থার উন্নতি না হওয়ায় তাকে এনাম মেডিকেল কলেজ হাসপাতালে স্থানান্তর করা হয়। সেখানেই আইসিইউতে চিকিৎসাধীন অবস্থায় তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেন।
তার মৃত্যুতে স্বজন, দলীয় নেতাকর্মী ও শুভানুধ্যায়ীদের মাঝে গভীর শোকের ছায়া নেমে এসেছে।
ঢাকা-১৯ আসনের সংসদ সদস্য ডা. দেওয়ান মো. সালাউদ্দিন বাবু এক শোকবার্তায় মরহুমের রুহের মাগফিরাত কামনা করেছেন এবং তাকে জান্নাতুল ফেরদৌস দান করার জন্য মহান আল্লাহর কাছে দোয়া করেন। পাশাপাশি তিনি শোকসন্তপ্ত পরিবারের প্রতি গভীর সমবেদনা জানান।
শোকবার্তায় তিনি বলেন, খন্দকার শাহ মঈনুল হোসেন বিল্টু আমৃত্যু বিএনপির রাজনীতির প্রতি নিবেদিত ছিলেন। রাজনৈতিক দুঃসময়ে তিনি একাধিকবার কারাবরণ করেছেন এবং নির্যাতন-নিপীড়নের মধ্যেও দলীয় নেতাকর্মীদের সংগঠিত রাখতে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছেন। তার মৃত্যুতে সাভার বিএনপি একজন ত্যাগী, সাহসী ও পরীক্ষিত নেতা হারালো, যার শূন্যতা সহজে পূরণ হওয়ার নয়।

