স্টাফ রিপোর্টার,
সোহরাব হোসেন:
ঢাকার আশুলিয়ার জামগড়া ইস্টার্ন হাউজিং এলাকায় মাহাতাব মিয়ার বাড়ির ৪র্থ তলার ভাড়াটিয়া হিন্দু পরিবার গং কর্তৃক চুরির অপবাদ দিয়ে একটি মুসলিম পরিবারকে হেনস্তা ও মানসিকভাবে নির্যাতন করার অভিযোগ উঠেছে। এ ঘটনায় ভুক্তভোগী পরিবার আশুলিয়া থানায় লিখিত অভিযোগ দায়ের করেছেন।
ভুক্তভোগী কলি বেগম, যিনি প্রবাসী হায়দার আলীর স্ত্রী, অভিযোগ করে বলেন, মাহাতাব মিয়ার ৪র্থ তলার ভাড়াটিয়া প্রতিবেশী শ্রী রিপন বিশ্বাস (৪৮), তার ছেলে রহিত বিশ্বাস (১৯) এবং পপি বিশ্বাস (৪০) আমাদের পরিবারের বিরুদ্ধে মিথ্যা চুরির অভিযোগ তুলে দীর্ঘদিন ধরে হয়রানি ও মানসিক নির্যাতন করে আসছেন। তিনি আরও দাবি করেন, তার বিশ্ববিদ্যালয়পড়ুয়া ছেলে মো. ফাহিম আহমেদ (২০)-এর বিরুদ্ধে স্বর্ণের দুল চুরির অভিযোগ আনা হয়েছে যাহা ষড়যন্ত্রমূলক ও মিথ্যা।
এছাড়া তার স্কুলপড়ুয়া মেয়ে মিথিলা (১৬)-কে রহিত বিশ্বাস উত্ত্যক্ত করে ও প্রেমের প্রস্তাব দেন। মিথিলা এতে রাজি না হওয়ায় সেই ক্ষোভ থেকে তার ভাইয়ের বিরুদ্ধে মিথ্যা চুরির অভিযোগ সাজিয়ে দেওয়া হয়েছে বলে অভিযোগ করেন তিনি। কলি বেগম আরও দাবি করেন, স্বর্ণের দুলটি রহিত বিশ্বাস নিজেই নিয়ে বিক্রি করেছে এবং তিনি একজন মাদকাসক্ত তা সবাই জানেন।
তবে এসব অভিযোগের স্বাধীনভাবে সত্যতা যাচাই করা সম্ভব হয়নি।
কলি বেগম বলেন, আমরা আইনের প্রতি শ্রদ্ধাশীল। তাই ন্যায়বিচারের আশায় আশুলিয়া থানায় লিখিত অভিযোগ করেছি। পুলিশ নিরপেক্ষ তদন্তের মাধ্যমে আইনগত ব্যবস্থা নেবে বলে আশা করছি।
এ বিষয়ে জানতে বিবাদী পরিবার ও বাড়িওয়ালার সাথে যোগাযোগ করে তাদেরকে পাওয়া যায়নি।

