বিশেষ প্রতিনিধি : রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীরের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেছেন বাংলাদেশ সশস্ত্র বাহিনীর তিন প্রধান। মঙ্গলবার দুপুরে বঙ্গভবনে এ সাক্ষাৎ অনুষ্ঠিত হয়। সাক্ষাৎকালে সেনাবাহিনী প্রধান জেনারেল ওয়াকার-উজ-জামান, নৌবাহিনী প্রধান অ্যাডমিরাল খোন্দকার মিসবাহ উল আজীম এবং বিমান বাহিনী প্রধান এয়ার চিফ মার্শাল হাসান মাহমুদ খাঁন রাষ্ট্রপতি হিসেবে দায়িত্ব গ্রহণ করায় মির্জা ফখরুল ইসলাম আলমগীরকে অভিনন্দন জানান। এ সময় তিন বাহিনীর প্রধান নিজ নিজ বাহিনীর চলমান কার্যক্রম, সাংগঠনিক অগ্রগতি ও ভবিষ্যৎ পরিকল্পনা সম্পর্কে রাষ্ট্রপতিকে অবহিত করেন। পাশাপাশি সশস্ত্র বাহিনীর সর্বাধিনায়ক হিসেবে রাষ্ট্রপতির দিকনির্দেশনা ও সার্বিক সহযোগিতা কামনা করেন তারা। রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীর সশস্ত্র বাহিনীর বিভিন্ন কার্যক্রমে সন্তোষ প্রকাশ করেন। তিনি বলেন, দেশের প্রতিরক্ষা সক্ষমতা আরও শক্তিশালী করার লক্ষ্যে সরকার সশস্ত্র বাহিনীকে আধুনিক, দক্ষ ও চতুর্মাত্রিক বাহিনী হিসেবে গড়ে তুলতে কাজ করছে। রাষ্ট্রপতি দায়িত্ব পালনকালে সশস্ত্র বাহিনীর সদস্যদের পেশাগত দক্ষতা ও সক্ষমতা বৃদ্ধির পাশাপাশি বাহিনীর সামগ্রিক উন্নয়ন ও কল্যাণে প্রয়োজনীয় সহযোগিতা অব্যাহত রাখার আশ্বাস দেন। সাক্ষাৎকালে দেশের নিরাপত্তা, প্রতিরক্ষা সক্ষমতা এবং সশস্ত্র বাহিনীর সার্বিক উন্নয়ন নিয়েও গুরুত্বপূর্ণ আলোচনা হয়।

