ডেস্ক রিপোর্ট ,ঢাকা, ৮ অক্টোবর ২০২৫: বিদেশে শ্রমবাজারের সুযোগ আরও সম্প্রসারণের লক্ষ্যে ভিসা প্রক্রিয়ায় চলমান জটিলতা দ্রুত কাটিয়ে উঠতে পররাষ্ট্র মন্ত্রণালয়কে বিশেষ পদক্ষেপ নিতে নির্দেশনা দিয়েছেন প্রধান উপদেষ্টা অধ্যাপক মুহাম্মদ ইউনূস।বুধবার রাজধানীর তেজগাঁওয়ে তাঁর কার্যালয়ে অনুষ্ঠিত জাতীয় স্টিয়ারিং কমিটির নিয়মিত বৈঠকে সভাপতিত্বকালে এই নির্দেশনা দেন তিনি।সভা শেষে ফরেন সার্ভিস একাডেমিতে আয়োজিত এক ব্রিফিংয়ে প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম জানান, প্রধান উপদেষ্টা মনে করেন, কিছু দেশে ভিসা জটিলতা শ্রমবাজার বিস্তারে বড় বাধা হয়ে দাঁড়িয়েছে, যা আগের সরকারের সময় থেকেই চলে আসছে। এ অবস্থায় ভিসা প্রক্রিয়াকে সহজ, দ্রুত ও কার্যকর করার প্রয়োজনীয়তা আরও জোরালোভাবে তুলে ধরেন তিনি।প্রেস সচিব আরও জানান, সম্প্রতি নিউইয়র্ক সফরে কসোভো ও আলবেনিয়ার শীর্ষ নেতাদের সঙ্গে বৈঠকে ওই দেশগুলো বাংলাদেশি শ্রমিক নিতে আগ্রহ দেখিয়েছে। তবে সেসব দেশে বাংলাদেশের দূতাবাস না থাকায় ভিসা প্রক্রিয়া বেশ জটিল হয়ে পড়েছে।“অনেক সময় বাংলাদেশিদের কসোভো বা আলবেনিয়ায় কাজের জন্য ভিসা নিতে নয়াদিল্লিতে গিয়ে আবেদন করতে হচ্ছে, যা বাস্তবসম্মত নয়,” বলেন প্রেস সচিব।প্রধান উপদেষ্টা এ পরিস্থিতি নিরসনে দূতাবাস স্থাপন বা বিকল্প ব্যবস্থা নেওয়ার ওপর গুরুত্ব দিয়েছেন, যাতে এসব দেশে শ্রমিক পাঠানোর প্রক্রিয়া সহজ হয়।
ব্যবসায়ী নেতাদের সাথে আলোচনায় গ্যাস সরবরাহ ও বিনিয়োগ ইস্যু স্টিয়ারিং কমিটির বৈঠকে দেশের প্রধান শিল্প ও ব্যবসা খাতের নেতারাও অংশ নেন। তাঁরা শিল্পে নিরবচ্ছিন্ন গ্যাস সরবরাহ নিশ্চিত করতে দ্রুত উদ্যোগ গ্রহণের দাবি জানান।বিশেষ করে, ম্যানমেড ফাইবার, ফার্মাসিউটিক্যালস, তৈরি পোশাক ও রপ্তানিমুখী অন্যান্য খাতে গ্যাস সরবরাহের ধারাবাহিকতা বজায় রাখতে নতুন এলএনজি রিগ্যাসিফিকেশন ইউনিট এবং ল্যান্ড-বেইজড টার্মিনাল স্থাপনের ওপর জোর দেন ব্যবসায়ী প্রতিনিধিরা।তাঁরা বলেন, শিল্পে জ্বালানি সরবরাহ নিশ্চিত করা গেলে উৎপাদন বৃদ্ধি ও বৈদেশিক বিনিয়োগ আকর্ষণে তা বড় ভূমিকা রাখবে।বৈঠকে মুক্ত বাণিজ্য চুক্তি (FTA) সংক্রান্ত আলোচনার অগ্রগতিও তুলে ধরা হয়। প্রেস সচিব জানান, জাপান, দক্ষিণ কোরিয়া, সিঙ্গাপুর, সংযুক্ত আরব আমিরাত ও মালয়েশিয়ার সঙ্গে আলোচনায় অগ্রগতি হচ্ছে।এ ছাড়া দরকষাকষির সক্ষমতা বাড়াতে সরকার এশীয় উন্নয়ন ব্যাংক (এডিবি) ও বিশ্বব্যাংকের কারিগরি সহায়তা নিচ্ছে বলে জানান তিনি।আইসিটি খাতে বিশেষ গুরুত্ব দিয়ে প্রধান উপদেষ্টা জানান, প্রচলিত খাত থেকে কিছুটা সরিয়ে কৃত্রিম বুদ্ধিমত্তা (AI), ব্লকচেইন ও অন্যান্য ফ্রন্টিয়ার প্রযুক্তিকে অগ্রাধিকার দেওয়া হবে। এ খাতের কর্মসংস্থান ও দক্ষতা বৃদ্ধিতে একটি জাতীয় রোডম্যাপ প্রণয়ন করা হচ্ছে, যা শিগগিরই প্রকাশ করা হবে।বাংলাদেশ ব্যাংকের গভর্নর ড. আহসান এইচ মনসুর বৈঠকে ব্যাংকিং খাতের সাম্প্রতিক চিত্র তুলে ধরেন।তিনি জানান, দেশের বৈদেশিক মুদ্রার রিজার্ভ বর্তমানে পাঁচ মাসের আমদানি ব্যয় নির্বাহের উপযোগী রয়েছে। পাশাপাশি মুদ্রাস্ফীতির হার ১২ দশমিক ৫ শতাংশ থেকে কমে ৮ দশমিক ৩ শতাংশে নেমেছে।

