বিশেষ প্রতিনিধি : বাংলাদেশের স্বরাষ্ট্র উপদেষ্টা লেফটেন্যান্ট জেনারেল (অব.) মো. জাহাঙ্গীর আলম চৌধুরীর সঙ্গে সৌদি আরবের রাষ্ট্রদূত ড. আবদুল্লাহ জাফের বিন আবিয়াহ এক সৌজন্য সাক্ষাতে মিলিত হয়েছেন।বৈঠকে সৌদি আরবে বসবাসরত প্রায় ৬৯ হাজার রোহিঙ্গা (বাস্তুচ্যুত মিয়ানমার নাগরিক) জনগোষ্ঠীর জন্য বাংলাদেশি পাসপোর্ট প্রদান কার্যক্রমের অগ্রগতি, বাংলাদেশ থেকে জনশক্তি নিয়োগ বৃদ্ধি, দ্বিপাক্ষিক বাণিজ্য সম্প্রসারণ, আসন্ন জাতীয় সংসদ নির্বাচনের প্রস্তুতি এবং সৌদি আরবে আয়োজিতব্য ‘বিশ্ব প্রতিরক্ষা প্রদর্শনী’তে বাংলাদেশের অংশগ্রহণ—এসব গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে বিস্তারিত আলোচনা হয়।সাক্ষাতের শুরুতে রাষ্ট্রদূতকে স্বাগত জানিয়ে স্বরাষ্ট্র উপদেষ্টা বলেন, বাংলাদেশ ও সৌদি আরব দীর্ঘদিনের বন্ধুত্বপূর্ণ সম্পর্ক বজায় রেখে চলেছে। ইসলামের পবিত্র ভূমির দেশ হিসেবে সৌদি আরবের প্রতি বাংলাদেশের জনগণের বিশেষ আবেগ রয়েছে। একই সঙ্গে দেশটিতে কর্মরত ৩২ লাখের বেশি বাংলাদেশি প্রবাসী এটিকে কার্যত দ্বিতীয় আবাসভূমিতে পরিণত করেছে।তিনি বলেন, সৌদি প্রবাসীরা নিয়মিত রেমিট্যান্স পাঠিয়ে বাংলাদেশের অর্থনীতিকে শক্ত ভিত্তি দিচ্ছেন। এ প্রেক্ষাপটে সৌদি আরবে বাংলাদেশ থেকে আরও বেশি জনশক্তি নিয়োগের অনুরোধ জানান উপদেষ্টা। এতে উভয় দেশের মধ্যকার সহযোগিতা ও সম্পর্ক আরও দৃঢ় হবে বলে তিনি আশাবাদ প্রকাশ করেন।আলোচনাকালে রাষ্ট্রদূত সৌদি আরবে বসবাসরত রোহিঙ্গাদের বাংলাদেশি পাসপোর্ট প্রদানের অগ্রগতি সম্পর্কে জানতে চান। জবাবে স্বরাষ্ট্র উপদেষ্টা জানান, এ বিষয়ে দৃশ্যমান অগ্রগতি হয়েছে। সৌদি আরবে অবস্থিত বাংলাদেশ মিশন এবং দেশের বহিরাগমন ও পাসপোর্ট অধিদফতর সমন্বিতভাবে কাজ করছে। প্রক্রিয়া ত্বরান্বিত করতে স্বরাষ্ট্র মন্ত্রণালয় থেকে বিশেষ টিমও পাঠানো হয়েছে। তবে আবেদনকারীর সংখ্যার তুলনায় পাসপোর্ট এনরোলমেন্টে সরাসরি উপস্থিতির হার এখনও আশানুরূপ নয়।তিনি আরও জানান, বিষয়টি সৌদি আরবের স্বরাষ্ট্র মন্ত্রণালয়কেও অবহিত করা হয়েছে।রাষ্ট্রদূত আসন্ন জাতীয় সংসদ নির্বাচন সম্পর্কে জানতে চাইলে উপদেষ্টা বলেন, নির্বাচন পরিচালনার সাংবিধানিক দায়িত্ব নির্বাচন কমিশনের। স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের প্রধান দায়িত্ব হলো নির্বাচনকালীন সার্বিক আইনশৃঙ্খলা পরিস্থিতি বজায় রাখা—এ বিষয়ে সরকার সম্পূর্ণ প্রস্তুত।
তিনি বলেন, জাতীয় নির্বাচনকে সামনে রেখে এবার প্রথমবারের মতো বিভিন্ন আইনশৃঙ্খলা বাহিনীকে বিশেষ প্রশিক্ষণের আওতায় আনা হয়েছে। বাহিনী মোতায়েন সংক্রান্ত একটি পরিপত্র ইতোমধ্যে জারি করা হয়েছে। পাশাপাশি অবৈধ ও লুট হওয়া অস্ত্র উদ্ধারে অভিযান জোরদার করা হয়েছে। ‘ডেভিল হান্ট ফেজ-২’-সহ নিয়মিত আইনশৃঙ্খলা কার্যক্রম চলমান রয়েছে।সাক্ষাতের শেষ পর্যায়ে রাষ্ট্রদূত আগামী ৮ থেকে ১৪ ফেব্রুয়ারি ২০২৬ তারিখে সৌদি আরবের রাজধানী রিয়াদে অনুষ্ঠিতব্য ‘বিশ্ব প্রতিরক্ষা প্রদর্শনী’তে অংশগ্রহণের জন্য স্বরাষ্ট্র উপদেষ্টাকে আনুষ্ঠানিক আমন্ত্রণ জানান এবং সৌদি স্বরাষ্ট্রমন্ত্রীর পাঠানো আমন্ত্রণপত্র হস্তান্তর করেন।তবে ১২ ফেব্রুয়ারি অনুষ্ঠিতব্য বাংলাদেশের ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের কারণে উক্ত সময়সূচিতে উপস্থিত থাকতে অপারগতা প্রকাশ করে স্বরাষ্ট্র উপদেষ্টা প্রদর্শনীতে বাংলাদেশের পক্ষে উপযুক্ত প্রতিনিধি পাঠানোর আশ্বাস দেন।

