এস এম মনিরুজ্জামান, খুলনা থেকে :গত শুক্রবার মাগরিববাদ নতুন বাজার আবু হানিফ মাদ্রাসা প্রাঙ্গণে দেশনেত্রী, সাবেক প্রধানমন্ত্রী ও বিএনপির চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার রুহের মাগফিরাত কামনায় এক দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে।দোয়া মাহফিলে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন খুলনা-২ আসনের সাবেক সংসদ সদস্য ও বিএনপির মনোনীত সংসদ সদস্য প্রার্থী নজরুল ইসলাম মঞ্জু। এ সময় তিনি বলেন, বেগম খালেদা জিয়া বাংলাদেশের গণতন্ত্র ও স্বাধীনতার প্রশ্নে আপসহীন ছিলেন। তাঁর নেতৃত্ব ও ত্যাগ জাতি চিরকাল স্মরণ করবে।তিনি আরও বলেন, আমি খুলনা-২ থেকে বিএনপির মনোনয়ন নিয়ে ধানের শীষ প্রতীকে নির্বাচন করছি। সকলের দোয়া ও সমর্থন কামনা করছি। আমি আশা করি, আগামী ১২ ফেব্রুয়ারি বিজয়ী হয়ে জননেতা তারেক রহমানকে এই বিজয় উপহার দিতে পারব।অনুষ্ঠানে স্থানীয় বিএনপি ও অঙ্গসংগঠনের নেতাকর্মী, মাদ্রাসার শিক্ষক-শিক্ষার্থী, ধর্মপ্রাণ মুসল্লি এবং এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন। শেষে মরহুমার আত্মার মাগফিরাত কামনা এবং দেশ ও জাতির শান্তি ও কল্যাণ কামনা করে বিশেষ মোনাজাত করা হয়।

