বিশেষ প্রতিনিধি : বিএনপির চেয়ারপারসনের উপদেষ্টা ও ঢাকা–২ আসনের ধানের শীষ প্রার্থী আমানউল্লাহ আমান বলেছেন,মানবতাবিরোধী অপরাধের মামলায় ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী ফ্যাসিস্ট শেখ হাসিনার মৃত্যুদণ্ডাদেশে দেশবাসী স্বস্তি পেয়েছেন। আইনি প্রক্রিয়া শেষে দ্রুতই এই রায় কার্যকর হবে । মঙ্গলবার দুপুরে ঢাকার কেরানীগঞ্জ উপজেলার কলাতিয়া ইউনিয়নের কলাতিয়া ডিগ্রি কলেজে নবীনবরণ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।আমানউল্লাহ আমান বলেন, ফ্যাসিস্ট খুনি হাসিনার বিচার দেখার অপেক্ষায় ছিল বাংলার জনগণ। হাসিনার ফাঁসির রায়ে জনগণের প্রত্যাশা পূরণ হয়েছে। দেশবাসী স্বস্তি পেয়েছে। আমরা আশা করি, আইনি প্রক্রিয়া শেষে খুব দ্রুতই এই রায় কার্যকর করা হবে।তিনি আরও বলেন, ন্যায়বিচার প্রতিষ্ঠা হলে দেশ সঠিক পথে এগোবে। এই রায়ে জনগণের দাবি ও অনুভূতিই প্রতিফলিত হয়েছে। পিলখানায় সেনাহত্যা, শাপলা চত্বরের নৃশংস হত্যাসহ সকল গণহত্যার বিচার একে একে করা হবে। তিনি আরও বলেন, জনগণের দাবি এখন একটাই বর্তমানে ভারতে অবস্থানরত ফ্যাসিস্ট শেখ হাসিনাকে দেশে ফিরিয়ে এনে বিচারিক প্রক্রিয়া সম্পন্ন করতে হবে।এসময় কলেজ ছাত্রদলের আহ্বায়ক ছামিউল হকের সভাপতিত্বে উপস্থিত ছিলেন স্থানীয় সরকার ও প্রকৌশল অধিদপ্তরের প্রধান প্রকৌশলী মোহাম্মদ আনোয়ার হোসেন, কলেজের অধ্যক্ষ মো. লিয়াকত আলী, গভর্নিং বডির সভাপতি মোহাম্মদ আলী অভি, কলাতিয়া ইউনিয়ন বিএনপির সভাপতি এনামুল হক চান মিয়াসহ স্থানীয় বিএনপির নেতারা উপস্থিত ছিলেন।

