বিষেশ প্রতিনিধি : নির্বাচন ও গণভোট পরিচালনার জন্য বরাদ্দ নিয়ে কোনো ধরনের জটিলতা হবে না বলে জানিয়েছেন অর্থ উপদেষ্টা ড. সালেহউদ্দিন আহমেদ।তিনি জানান, এ খাতে বাজেট ইতোমধ্যে নির্ধারণ করা হলেও গণভোট যুক্ত হওয়ায় এবং প্রবাসী ভোটারদের জন্য বিশেষ ব্যবস্থা নিতে হওয়ায় ব্যয় কিছুটা বাড়তে পারে। তবে তা নিয়ে উদ্বেগের কারণ নেই।সোমবার সচিবালয়ে ক্রয়সংক্রান্ত উপদেষ্টা পরিষদের বৈঠক শেষে সাংবাদিকদের প্রশ্নের উত্তরে তিনি এ মন্তব্য করেন।অর্থ উপদেষ্টা বলেন, তফসিল ঘোষণার পরে নির্বাচন কমিশন যে প্রয়োজনীয় চাহিদা দেবে—তার ভিত্তিতেই বরাদ্দ নির্ধারিত হবে। বিশেষভাবে চিহ্নিত স্পর্শকাতর কেন্দ্রে নিরাপত্তা জোরদারের অংশ হিসেবে বডি ক্যামেরা ব্যবহারের পরিকল্পনাও রয়েছে।তিনি মনে করেন, নির্বাচন ও গণভোট আলাদা দিনে করা হলে প্রস্তুতি ও লজিস্টিক ব্যয় বহুগুণ বেড়ে যাবে। তাই এক দিনেই দুই কার্যক্রম সম্পন্ন করাই অধিক যুক্তিসঙ্গত ও আন্তর্জাতিকভাবে প্রচলিত একটি পদ্ধতি।এছাড়া তিনি আরও জানান, অভ্যন্তরীণ বাজারের চাহিদা স্থিতিশীল রাখতে সরকার ভারত থেকে ৫০ হাজার টন বাসমতি চাল আমদানির সিদ্ধান্ত নিয়েছে।

