ঢাকার আশুলিয়ার জামগড়াতে সংবাদ সংগ্রহ করতে গিয়ে এটিভি সংবাদ এর সাংবাদিক সোহরাব হোসেন সৌরভের ওপর সন্ত্রাসী হামলার অভিযোগ উঠেছে।
এ ঘটনায় স্থানীয় সাংবাদিক মহলে উদ্বেগ ও ক্ষোভের সৃষ্টি হয়েছে।
জানা যায়, সম্প্রতি আশুলিয়ার একটি গুরুত্বপূর্ণ ঘটনা নিয়ে তথ্য সংগ্রহ ও ভিডিও ধারণ করছিলেন সাংবাদিক সৌরভ।
এ সময় একদল দুর্বৃত্ত তার কাজে বাধা দেয় এবং একপর্যায়ে তার ওপর হামলা চালায় বলে অভিযোগ পাওয়া গেছে।
হামলায় তিনি আহত হন এবং তার ব্যবহৃত সরঞ্জাম ক্ষতিগ্রস্ত হয়েছে বলেও জানা গেছে।
স্থানীয় সূত্র জানায়, হামলাকারীরা সাংবাদিকদের পেশাগত দায়িত্ব পালনে বাধা সৃষ্টি করতে দীর্ঘদিন ধরেই বিভিন্নভাবে ভয়ভীতি প্রদর্শন করে আসছিল।
এ ঘটনার পর স্থানীয় সাংবাদিকরা দ্রুত হামলাকারীদের গ্রেপ্তার ও দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানিয়েছেন।
এ বিষয়ে সাংবাদিক সৌরভ জানান, আমি পেশাগত দায়িত্ব পালন করছিলাম,এর মাঝেই হঠাৎ কয়েক জন এসে আমাকে মারধর করে এবং ক্যামেরা বন্ধ করতে বলে। আমি এ ঘটনার সুষ্ঠু বিচার চাই।
সাংবাদিক সৌরভ আরো জানান বিভিন্নভাবে এই সন্ত্রাসী জিয়া তাকে প্রাণ নাসের হুমকি দিয়ে আসছে।
ঘটনার পর আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী বিষয়টি তদন্ত করছে বলে জানা গেছে।
তবে এ রিপোর্ট লেখা পর্যন্ত হামলার সঙ্গে জড়িত কাউকে আটক করা হয়নি।
সাংবাদিক নেতৃবৃন্দ বলেন, গণমাধ্যম কর্মীদের ওপর হামলা স্বাধীন সাংবাদিকতার জন্য হুমকি স্বরূপ। তারা দ্রুত দোষীদের আইনের আওতায় এনে সাংবাদিকদের নিরাপত্তা নিশ্চিত করার দাবি জানান।

